নওগাঁ প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৫ , ১১:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ
কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আদর্শচ্যুতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা ও বিভিন্ন উপজেলার শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ গঠনের সময় নীতি, নৈতিকতা ও আদর্শের কথা বলা হলেও বর্তমানে সংগঠনটি সেই পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, কমিটি বাণিজ্য ও একক আধিপত্য বিস্তারের অভিযোগও তোলেন তারা।
তারা আরও বলেন, সংগঠনের ভেতরে ক্রমবর্ধমান স্বেচ্ছাচারিতা ও কেন্দ্রীয় নেতৃত্বের একনায়কতান্ত্রিক আচরণে তারা ক্ষুব্ধ ও হতাশ। নিজেদের আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ এবং তৃণমূলের প্রতি দায়বদ্ধতা থেকে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে নওগাঁ সদর, মহাদেবপুর, পত্নীতলা, নিয়ামতপুরসহ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা বর্তমান কেন্দ্রীয় কমিটি বাতিল করে সংগঠনের কাঠামোগত সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




















