প্রচ্ছদ

গণভোট নিয়ে রাস্তায় না নামার আহ্বান জানালেন বিএনপির আমীর খসরু

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৩:৩৫:২৪ প্রিন্ট সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণভোটের দাবিকে কেন্দ্র করে রাস্তায় না নামার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক ডায়লগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না। বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে। এই সংবিধানে গণভোটের কোনো ব্যাখ্যা নেই। আগামী নির্বাচনের পর সংসদে পাস করে সংবিধানে গণভোট যুক্ত করা সম্ভব।”

অপরাধ সংঘর্ষ এড়াতে তিনি সতর্ক করেছেন। তিনি বলেন, “কথায় কথায় যদি বৃহত্তর দলগুলো রাস্তায় নামে, তখন সংঘর্ষ ঘটতে পারে। আপনারা দাবি নিয়ে মাঠে গেলে দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল যদি কর্মসূচি দেয়, তাহলে সংঘর্ষ বাঁধতে পারে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলের মধ্যে একটি স্বৈরাচারী মনোভাব চলে এসেছে। কনসেনসাসের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ৩১ দফার অনেক কিছু কনসেনসাসে আসেনি, তাই বলে কি আমি মাঠে নামব? আমি জনগণের কাছে যাব।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেটি সম্মান করতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রেও আলোচনা করা প্রয়োজন। আর যেগুলোতে ঐকমত্য হয়নি, সেগুলো জনগণ ঠিক করবে।”

তিনি অভিযোগ করেছেন, “কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়। ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই। চ্যাপ্টার ক্লোজড। আপনার চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেবেন না। আপনি ক্ষমতায় আসুন, এরপর পরিবর্তন করুন।”

সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আরও খবর

Sponsered content