এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ২৭ অক্টোবর ২০২৬ , ২:০৯:১৯ প্রিন্ট সংস্করণ
যশোরের মনিরামপুরে স্বজনপ্রীতি, অনিয়ম ও অর্থ লেনদেনের মাধ্যমে সার ডিলার নিয়োগের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মাদক ব্যবসায় জড়িত ব্যক্তির স্ত্রী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলেকে ডিলার নিয়োগ দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
শনিবার (২৪ অক্টোবর) দুর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বিএনপি নেতা নাজমুল হক টিটো বলেন, অতীতে যাঁদের কারণে তাঁরা মামলা ও হামলার শিকার হয়েছেন, এখন তাঁদেরই অর্থ লেনদেনের মাধ্যমে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে দল করার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসায় জড়িত ব্যক্তির স্ত্রীর নামে দেওয়া সার ডিলারশিপ বাতিলের দাবি জানান। একই সঙ্গে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা নাজমুল হক টিটো, আব্দুল মান্নান, ফারুক হোসেন, মহাতাপ উদ্দিন, হাসানুর রহমান এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





















