প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ , ২:১২:৪৪ প্রিন্ট সংস্করণ
ইসরায়েলে চলছে জাতীয় সংসদ নির্বাচন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই দেশটির প্রথম নির্বাচন। ওই হামলা ইসরায়েলকে গভীরভাবে নাড়িয়ে দেয় এবং মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে ঠেলে দেয়।
এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকা না-থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপন্থী বিরোধী নেতারা দেশটিতে নতুন রাজনৈতিক যুগের প্রতিশ্রুতি দিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ রাত ১০টায় শেষ হওয়ার কথা। ভোট শেষ হওয়ার পর ইসরায়েলের টেলিভিশন চ্যানেলগুলো বুথফেরত জরিপ প্রকাশ করবে। এর মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য ফলাফল সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। এরপর আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হবে।
কোনো দল বা জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেলে দ্রুত ফলাফলের চিত্র পরিষ্কার হতে পারে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না মিললে ফলাফল ও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও চলতে পারে। চূড়ান্ত ভোট গণনা ৩০ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা। আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে ৪ নভেম্বর।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আসন বণ্টন করা হয়। কোনো দলকে সংসদে আসন পেতে হলে জাতীয় ভোটের অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ পেতে হয়। প্রায় এক ডজন দল এই সীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে আসন বণ্টন ও চূড়ান্ত ফল নির্ধারণে সময় লাগতে পারে।
চূড়ান্ত ফল প্রকাশের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এরপর যার সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করবেন, তাকেই প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের দায়িত্ব দেবেন। মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য সর্বোচ্চ ৪২ দিন সময় পাবেন।
ইসরায়েলে এখন পর্যন্ত কোনো একক দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই সাধারণত একাধিক দলের সমন্বয়ে জোট সরকার গঠন করতে হয়। এ ক্ষেত্রে ছোট দলগুলোর আসনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সরকার গঠনে তাদের সমর্থন নির্ণায়ক ভূমিকা রাখতে পারে।
মনোনীত প্রার্থী ব্যর্থ হলে অন্য কাউকে সরকার গঠনের সুযোগ দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত কোনো সরকার গঠন সম্ভব না হলে নতুন নির্বাচনের ডাক দেওয়া হবে। তত দিন বর্তমান মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।





















