শিক্ষা ও শিক্ষাঙ্গন

পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর করলেন শেকৃবি শিক্ষার্থীরা

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ , ৬:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ বন্ধ না করায় আজ বুধবার পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে মেলার জন্য নির্মিত গেট ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন তারা।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার একই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিত মেলা আয়োজনের কারণ জিজ্ঞাসা করে এবং মেলার কাজ বন্ধ করার জন্য বলে গেলেও তা করেনি কর্তৃপক্ষ। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘মেলা সরিয়ে নেওয়ার জন্য গতকাল আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল। এ জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে কোনো অগ্রগতি আমরা দেখিনি। আমরা আমাদের মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

এ বিষয়ে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, ‘আমরা এখনই গেট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।’

এ ছাড়াও শিক্ষার্থীরা বলেন, ‘পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় করার পরিকল্পনা আমলাতন্ত্রের এক মেটিকুলাস ডিজাইন। এটা আওয়ামী আমলে তারা পরিকল্পনা করেছে। এটা শেরেবাংলা নগরের জিয়া উদ্যানসহ শেকৃবির সবুজ পরিবেশ নষ্ট করবে। ঢাকাকে আরও বসবাসের অযোগ্য করে তুলবে। সরকার এ বিষয়ে পুনর্বিবেচনা করুক।’

বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে জুলাই অভ্যুত্থানের পর থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করে আসছে। এর আগেও মাঠটিতে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করেন তারা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য মাঠটি ফিরিয়ে দিতে হবে এবং সেখানে মেলার আয়োজন করতে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিতে হবে।

আরও খবর

Sponsered content