আন্তর্জাতিক

আরব ভোটারদের ভিডিও ধারণের পরিকল্পনা নেতানিয়াহুর লিকুদ পার্টির

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ , ৩:১১:২৯ প্রিন্ট সংস্করণ

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে আরব ভোটারদের ভিডিও ধারণের জন্য দলীয় কর্মীদের মোতায়েনের পরিকল্পনাকরেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়লে এসব ভিডিওকে নির্বাচনী জালিয়াতির অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ব্যবহারের উদ্দেশ্য থাকতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেৎজ।

প্রতিবেদন অনুযায়ী, আরব অধ্যুষিত এলাকাগুলোর ভোটকেন্দ্রে নজরদারি, ভোটারদের ভিডিও ধারণ এবং তাৎক্ষণিকভাবে দলীয় সদর দপ্তরে তথ্য পাঠানোর জন্য কর্মী নিয়োগ ও তাদের পারিশ্রমিক দিতে লাখ লাখ শেকেল ব্যয় করেছে লিকুদ পার্টি।

গত কয়েক সপ্তাহে গঠিত এসব দল ভোটকেন্দ্রের ভেতরে নয়, বরং বাইরে অবস্থান করবে। এর ফলে আনুষ্ঠানিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য প্রযোজ্য কঠোর বিধিনিষেধ এড়ানো সম্ভব হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হারেৎজের প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে পড়লে ভোট কারচুপির অভিযোগ তুলে প্রচার অভিযান চালানোর বিষয়েও লিকুদের জ্যেষ্ঠ নেতারা আলোচনা করেছেন। নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, দলের কিছু কর্মকর্তা প্রধানমন্ত্রীকে এ কৌশল গ্রহণের জন্য চাপ দিচ্ছেন এবং তিনি প্রস্তাবটি বিবেচনা করছেন।

তবে পরিকল্পনাটি নিয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোতে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন এমন কোনো প্রমাণ নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে।

লিকুদের এই সম্ভাব্য কৌশলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ব্যাপক নির্বাচনী জালিয়াতির অভিযোগ তোলার ঘটনার সাদৃশ্য রয়েছে।

নির্বাচনী কার্যক্রমে যুক্ত লিকুদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলের ২০২২ সালের নির্বাচনে ভোটের অনিয়ম নিয়ে দলটির অভিযোগকে বর্তমান নির্বাচনের প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায়, ‘২০২২ সালের নির্বাচন ছিল বর্তমান নির্বাচনের জন্য একটি পরীক্ষামূলক উদ্যোগ।’

প্রতিবেদন অনুযায়ী, ভোটকেন্দ্রের বাইরে ধারণ করা ভিডিওগুলোকে নির্বাচনী জালিয়াতির প্রমাণ হিসেবে প্রচার করা হতে পারে। তবে এসব দলের ভোটারদের পরিচয় যাচাই করার কোনো আইনি ক্ষমতা নেই। এ ছাড়া, ইসরায়েলজুড়ে লিকুদের নির্বাচন পর্যবেক্ষকদের অস্বাভাবিক ঘটনা সম্পর্কে একটি বিশেষ নির্বাচনী জালিয়াতি পর্যবেক্ষণকেন্দ্রে তথ্য দেওয়ার কথা রয়েছে।

গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এটিই দেশটির প্রথম সাধারণ নির্বাচন। এমন পরিস্থিতিতে নির্বাচনে আরব ভোটারদের ভিডিও ধারণ এবং সম্ভাব্য কারচুপির অভিযোগ তোলার এই পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও খবর

Sponsered content