প্রচ্ছদ

বদরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ৫:৪৬:৫৮ প্রিন্ট সংস্করণ

ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:   রংপুরের বদরগঞ্জে ইউনিয়ন বিএনপির সহসভাপতির বিরুদ্ধে তফসিলভুক্ত জমি দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দামোদরপুর ইউনিয়নের তালুক দামোদরপুর ব্যাংঙডুবি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম সেলিম মিয়া, তিনি দামোদরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। ভুক্তভোগী জমির মালিক ভাদু চন্দ্র রায় ব্যাংঙডুবি গ্রামের সম্ভু চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ভাদু চন্দ্র রায় গনেশ চন্দ্রের কাছ থেকে ১২ শতক জমি (দলিল নং ৩৬৭৭) ক্রয় করেন। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতা সেলিম মিয়া ওই জমির প্রতি নজর দিয়ে ভাদু চন্দ্র রায়কে চাপ দিতে থাকেন জমিটি ছাড়তে। বৃহস্পতিবার সেলিম মিয়া তার লোকজন নিয়ে জমিটি বাঁশ ও টিনের বেড়া দিয়ে ঘিরে দখল করে নেন, ফলে ভাদু চন্দ্রের পরিবার জমি থেকে বের হতে পারছেন না।

ভাদু চন্দ্র রায়ের স্ত্রী রিতি রানী অভিযোগ করে বলেন, “আমরা হিন্দু সম্প্রদায়ের লোক দেখে সেলিম মিয়া আমাদের উপর অত্যাচার শুরু করেছেন। অনেক কষ্টে জমি কিনেছি, এখন ক্ষমতার দাপটে তিনি তা দখল করেছেন। আমি আইনের কাছে বিচার চাই।”

স্থানীয় বাসিন্দা আব্দুল মমিন বলেন, “জমিটির প্রকৃত মালিক ভাদু চন্দ্র রায়। টাকা দিয়ে কিনেছেন। এখন দখল নেওয়া চরম অমানবিক।”

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হিন্দু পরিবার অভিযোগ করেন, সেলিম মিয়া তাদের হুমকি দিয়ে বলেছেন জমি দিয়ে হাঁটলে “পরিণাম খারাপ হবে।” তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিচার না পেলে ভারতে চলে যাওয়া ছাড়া উপায় থাকবে না।

অভিযোগ প্রসঙ্গে সেলিম মিয়া দাবি করেন, তিনি গনেশ চন্দ্রের কাছ থেকে জমি নিয়েছেন। গনেশকে সামনে আনলেই সমস্যার সমাধান হবে।

বদরগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, খোঁজ নিয়ে জানা গেছে জমির প্রকৃত মালিক ভাদু চন্দ্র রায়। তিনি বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ সংখ্যালঘু পরিবারের জমি দখল করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content