সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ৯:০৪:২০ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মো. সামিউল ইসলাম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টের জেলা কার্যালয়ে জেলা জামায়াতের আয়োজনে নবনির্বাচিত উপজেলা পর্যায়ের আমিরদের শপথ অনুষ্ঠানে তিনি শপথ নেন।
গাইবান্ধা জেলা আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার। নবনির্বাচিত আমিরদের শপথবাক্য পাঠ করান জেলা আমির মো. আব্দুল করিম।
সামিউল ইসলামের সাংগঠনিক পথচলা শুরু ছাত্রশিবিরের মাধ্যমে। তিনি ছাত্রসংগঠনটির সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও রংপুর মহানগরীর সভাপতি ছিলেন। পরে জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের কার্যক্রমে যুক্ত হন এবং ২০২৫-২০২৬ সেশনের শুরুতে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি নির্বাচিত হন। এরপর ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংগঠনিক বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর এবার উপজেলা আমির হিসেবে ২০২৭-২০২৮ সেশনের দায়িত্ব নিলেন তিনি।
শপথ নেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ‘দায়িত্ব কোনো পদ বা সম্মানের বিষয় নয়, এটি একটি পবিত্র আমানত। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা মেনে সব পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে ঐক্য ও শৃঙ্খলার সাথে সুন্দরগঞ্জে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে চাই। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।’





















