প্রতিনিধি ৩ আগস্ট ২০২৬ , ১১:১৮:৫৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশবাসীর উদ্দেশে আবর্জনামুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা যদি সবাই সবার দায়িত্ব পালন করি, তাহলে আমরা একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ পাব।’
আজ সোমবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
এতে তারেক রহমান বলেন, দেশের শহর, উপজেলা এমনকি গ্রামাঞ্চলেও এখন যত্রতত্র টিস্যু, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতলসহ নানা ধরনের বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। ৩০-৪০ বছর আগে এমন দৃশ্য ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আপনার নিজের ঘরের চারপাশে যদি এভাবে টিস্যু বা আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকতো, তাহলে কি আপনার ভালো লাগে? নিশ্চয়ই না। আমাদের কারও ভালো লাগতো না।’
নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যবহৃত বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং যথাযথভাবে তা অপসারণ করতে হবে। সবাই এ বিষয়ে সচেতন হলে ধীরে ধীরে দেশকে আবর্জনামুক্ত করা সম্ভব হবে।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় সফরের সময় অনেক পুকুরে এবং পুকুরপাড়ে বর্জ্যের স্তূপ জমে আছে। একসময় এসব জায়গায় মানুষ পরিবার নিয়ে সময় কাটাত, কিন্তু এখন আবর্জনার কারণে সেই পরিবেশ নষ্ট হয়ে গেছে।’
পার্ক ও বিনোদনকেন্দ্রেও একই চিত্র দেখা যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করার পরও অনেকেই খাবারের মোড়ক, লজেন্সের প্যাকেট বা অন্যান্য বর্জ্য ফেলে আসেন। এতে পরবর্তী দর্শনার্থীরা পরিচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে পারেন না।
ভিডিওর শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলে বড় কিছু করতে সক্ষম হব। আসুন, সবাই মিলে আমাদের দেশটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। আমাদের পরিবেশকে সুন্দর রাখি। এতে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ দেশ ও সুস্থ পরিবেশ নিেশ গড়ে তুলতে পারব।















