নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৬ , ৪:২২:৫৩ প্রিন্ট সংস্করণ
রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ২ লাখ টাকার বিনিময়ে এক আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বরে তর্কাতর্কির জেরে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বনানী থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কবির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা ওই ব্যক্তিকে আটক করে বনানী থানায় হস্তান্তর করেন। অভিযোগ রয়েছে, থানায় সোপর্দ করার কিছু সময় পরই অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেন ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
ঘটনাটি জানাজানি হলে ওসি মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কবির হোসেনের বাকবিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে, ওসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার জেরে ঢাকা-১৭ আসনে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধির ব্যক্তিগত সহকারী (পিএস) জাবেদ কবির হোসেনকে দল থেকে বহিষ্কার করিয়ে দেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে স্থানীয় যুবদল নেতা শাহ আলম বলেন, ‘আসামিকে আমি নিজেই থানায় দিয়ে এসেছিলাম। কিন্তু এভাবে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হবে, তা মেনে নেওয়ার মতো নয়।’
অভিযোগের বিষয়ে ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কবির হোসেন বলেন, ‘আমরা আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু শুনলাম টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে প্রতিবাদ ও ওসির সঙ্গে তর্ক করায় আমাকে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’
তবে বহিষ্কারের হুমকির অভিযোগ অস্বীকার করে জাবেদ বলেন, ‘এ ধরনের কোনো হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় আমরা সবাই কাজ করছি।’
টাকা লেনদেন ও আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘অর্থের বিনিময়ে কাউকে ছাড়ার অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবেই বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। একটি মহল থানা পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে।’















