নওগাঁ প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ , ৩:৪৬:৩৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতাজীহাট এলাকার সাতগ্রামে খাড়ির সেতুর কাছে একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর পরিবারের দাবি, আসাদকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত আসাদ মহাদেবপুর উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি মুঠোফোনে কল করে আসাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
নিহতের নানা হারুন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খুঁজতে খুঁজতে পরিবারের সদস্যরা খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, আসাদকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। কে বা কারা তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।














