খেলাধুলা

‘ফ্রান্সেরই আমাদের ভয় পাওয়া উচিত’

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ২:১১:১০ প্রিন্ট সংস্করণ

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সকে কড়া বার্তা দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার দাবি, কিলিয়ান এমবাপ্পেদের যদি কোনো দলকে ভয় পেতে হয়, তবে সেটি স্পেন।

বাংলাদেশ সময় আগামী বুধবার রাত ১টায় টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যেই আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন বার্সেলোনার এই উইঙ্গার।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে মিকেল মেরিনোর জয়সূচক গোলে সেমিফাইনালের টিকিট কাটে লা রোখারা। অন্যদিকে, ফ্রান্স ২-০ ব্যবধানে মরক্কোকে হারিয়ে নিশ্চিত করে শেষ চার।

বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর সোফাই স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়ামাল। আগামী সোমবার ১৯ বছরে পা দিতে যাওয়া এই তরুণ তারকা বলেন, ‘ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই পাওয়া উচিত। এর আগে আমরা তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছি, টানা দুবার হারিয়েছি। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপে সেরা দুটি দলই হলো স্পেন ও ফ্রান্স। তাই বুধবার কী হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে আমাদের মনে কোনো ভয় নেই।’

স্পেনের খেলার ধরন নিয়েও আত্মবিশ্বাসী ইয়ামাল। তার মতে, প্রতিপক্ষ দলগুলো স্পেনের বিপক্ষে নেমেই রক্ষণাত্মক কৌশল নেয়।

তিনি বলেন, ‘অনেকের মনে হতে পারে আমরা খুব দারুণ ফুটবল খেলছি না। কিন্তু বাস্তবতা হলো, আমরা যে দলের বিপক্ষেই খেলি, তারা আমাদের সামনে রক্ষণাত্মক হয়ে যায়। এখন পর্যন্ত কোনো দলই আমাদের বিপক্ষে সমানতালে খেলতে আসেনি। তবে দিনশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জিতছি।’

বিশ্বকাপ ইতিহাসে এটি স্পেনের দ্বিতীয় সেমিফাইনাল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় শিরোপা জয়ের পর এবারই প্রথম শেষ চারে জায়গা করে নিয়েছে তারা।

অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে। রাশিয়ায় শিরোপা জয়ের পর ২০২২ সালের কাতার বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল লে ব্লুরা।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও সেমিফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘পরবর্তী ম্যাচ নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। আমরা প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ভালোভাবেই জানি। তবে এটাও বিশ্বাস করি যে, ফ্রান্সকে হারানোর সামর্থ্য আমাদের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে। এটি আরেকটি সেমিফাইনাল এবং এর আগে এমন মঞ্চে আমরা সফল হয়েছি। ম্যাচটি খুব কঠিন হবে। এটি হবে শক্তি, গতি ও কৌশলের লড়াই। জয় পেতে হলে আমাদের নিজেদের সেরাটা খেলতে হবে।’

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে তাই আর্লিংটনে ইউরোপের দুই জায়ান্টের এই দ্বৈরথ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।

আরও খবর

Sponsered content