জাতীয়

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৩৮:২৫ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর নতুন সরকারের সব ধরনের দাপ্তরিক আপডেট ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে সরাসরি পৌঁছে দিতে চালু করা হয়েছে অফিশিয়াল ফেসবুক পেজ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গুজব প্রতিরোধে এই পেজটি সরকারের একটি শক্তিশালী যোগসূত্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই পেজটি চালুর পর থেকেই সেখানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচির তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারের নীতি-নির্ধারণী সব খবর এই ভেরিফাইড প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিকালে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদ শপথ নেয়। এরপর একই দিন রাতে আনুষ্ঠানিক গেজেট জারির মাধ্যমে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া হয় এবং পূর্ণাঙ্গ সাংবিধানিক সরকার হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করে। সরকারের এই পালাবদলের সঙ্গে সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও পরিবর্তন আনা হয়েছে।

এদিকে বুধবার সকাল ১০টার দিকে পূর্বতন অন্তর্বর্তী সরকারের অফিশিয়াল ফেসবুক পেজ ‘Chief Advisor GOB’ থেকে একটি বিদায়ী পোস্ট শেয়ার করা হয়। সেই পোস্টে জানানো হয়, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় এখন থেকে ওই পেজটির সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো। তবে বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।

আরও খবর

Sponsered content