প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ , ৮:২২:১৬ প্রিন্ট সংস্করণ
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে ব্যবসায়ী শিবা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে একটি সিসিটিভি ভিডিও। তার মৃত্যুর কয়েক মাস আগে প্রেমিকা ও মডেল শ্রদ্ধা দুবে এবং তার বোন রশ্মি দুবের সঙ্গে শিবাকে একসঙ্গে দেখা গেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৪ আগস্টের সিসিটিভি ফুটেজে শ্রদ্ধাকে কালো পোশাকে শিবার হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। তাদের সঙ্গে ছিলেন শ্রদ্ধার বোন রশ্মিও। রাত আনুমানিক দেড়টার দিকে ধারণ করা ফুটেজটি লক্ষ্ণৌয়ের আওধ গ্রিন অ্যাপার্টমেন্টের বলে ধারণা করা হচ্ছে। তারা কোনো অনুষ্ঠানে বা পার্টিতে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।
২৮ বছর বয়সী ব্যবসায়ী শিবা শর্মা গত ৯ অক্টোবর লক্ষ্ণৌয়ের ওই অ্যাপার্টমেন্টের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও পরিবারের পক্ষ থেকে নির্যাতন ও হত্যার অভিযোগ তোলার পর পুলিশ হত্যা মামলা দায়ের করে।
শিবার মা রঞ্জনা শর্মার অভিযোগ, তার ছেলেকে শারীরিকভাবে নির্যাতন ও ব্ল্যাকমেইল করা হয়েছিল। এ ঘটনায় শ্রদ্ধা, তার বোন এবং অন্য কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে শ্রদ্ধা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, শিবা আত্মহত্যা করেছেন।
ঘটনার পর শ্রদ্ধা, তার বোন ও গাড়িচালক দানিশ আত্মগোপনে চলে যান। পরে গত ২০ অক্টোবর মহারাষ্ট্রের নাগপুর থেকে তাদের গ্রেপ্তার করে উত্তর প্রদেশ পুলিশ। বর্তমানে তারা বিচারিক হেফাজতে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডিংয়েও শিবার সঙ্গে অর্থ লেনদেন নিয়ে কথোপকথনের দাবি করা হয়েছে।
শিবার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। নতুন সিসিটিভি ফুটেজটি তদন্তে কী ভূমিকা রাখবে, তা এখনো স্পষ্ট নয়।















