সারাদেশ

কেন্দুয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ২৫ অক্টোবর ২০২৬ , ৫:১৫:৪৩ প্রিন্ট সংস্করণ

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ১৯ বছর বয়সী এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরুণীর করা মামলায় তাঁর প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। রোববার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)। পুলিশ জানিয়েছে, তাঁরা পেশায় ভ্যানচালক। ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লালের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন তিনি। পরে বিল্লাল তাঁকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে বিল্লাল তাঁর দুই বন্ধু হারুন ও রুবেলকে ডেকে আনেন। তরুণীর অভিযোগ, এরপর তিনজন মিলে তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁকে সেখানে ফেলে রেখে চলে যান তাঁরা।

ঘটনার পর ওই রাতেই থানায় গিয়ে বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার রোববার দুপুরে বলেন, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content