জাতীয়

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে এমডি নিয়োগ, এক ব্যাংকে পুনর্বহাল

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ , ৬:১৩:৫২ প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক অগ্রণী, জনতা ও বেসিকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত আরেক ব্যাংক সোনালী থেকে প্রত্যাহার করা এমডি ও সিইও’র প্রত্যাহার আদেশ বাতিল করা হয়েছে।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের নিয়োগ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সাউথ ইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক ম্যানেজমেন্ট অফিসার মো. মাহবুব আলমকেব জনতা ব্যাংকের এমডি ও সিইও পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আর জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংকের এমডি ও সিইও পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগগুলোতে সরকারের সম্মতির কথা উল্লেখ করা হয়েছে। ‘ব্যাংক কোম্পানি আইন ১৯৯১’ অনুযায়ী তাদের নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, সোনালী ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে প্রত্যাহার করা মো. শওকত আলী খানকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

এর আগে গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশেরাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক সোনালী, জনতা ও রূপালীর এমডি ও সিইওদের নিয়োগ বাতিল করা হয়।

আরও খবর

Sponsered content