সারাদেশ

শ্যামনগরে চার দিন পর ধানক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

  সাতক্ষীরা প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ , ৭:৩৩:৩৫ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার শ্যামনগরে চার দিন নিখোঁজ থাকার পর মনোরঞ্জন মণ্ডল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার শৈলখালী মাঠের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মনোরঞ্জন মণ্ডল উপজেলার কৈখালী এলাকার ‘জাদা-ঘোলের চক’ এলাকার মৃত বেগমবার মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর নিজের কৃষিজমিতে কীটনাশক স্প্রে করতে যান মনোরঞ্জন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশকে জানানো হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহিনুর রহমান জানান, মনোরঞ্জনের স্ত্রী বুদ্ধিপ্রতিবন্ধী। তাঁদের সন্তানেরা সবাই বাইরে কাজ করেন। গত ২২ অক্টোবর কৃষিজমিতে কীটনাশক স্প্রে করতে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তবে মনোরঞ্জনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও খবর

Sponsered content