ধর্ম

দোরগোড়ায় মাহে রমজান: আজ চাঁদ দেখার অপেক্ষা, বৃহস্পতিবার প্রথম রোজার সম্ভাবনা

  নিজস্ব প্রতিবেদক, দৈনিক মতপ্রকাশ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৫৭:৩৭ প্রিন্ট সংস্করণ

সব অপেক্ষার পালা শেষ— পবিত্র ও মহিমান্বিত মাস রমজান এখন দোরগোড়ায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল রমজানের চাঁদ দেখা গেছে। আজ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে হবে রমজানের অর্ধচন্দ্রের সন্ধান।

চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট ‘মুন সাইটিং’ একটি ম্যাপ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে খুব সহজে খালি চোখে চাঁদ দেখা যাবে। ফলে বলা যায় কাল বৃহস্পতিবার হবে প্রথম রোজা।

ম্যাপ অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে চাঁদ দেখা যাবে।এই ম্যাপে সবুজ রঙ চিহ্নিত অঞ্চলে আছে বাংলাদেশ। ম্যাপের তথ্য অনুযায়ী, এই সবুজ অঞ্চলের সবদেশে খুব সহজে চাঁদ দেখা যাবে। যেসব দেশ নীল রঙের ভেতর রয়েছে সেখানে আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে খালি চোখে চাঁদ দেখা যাবে। আর ধূসর রঙের অঞ্চলে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে। আর যেসব অঞ্চল লাল রঙের ভেতর রয়েছে সেখানে চাঁদ দেখতে অবশ্যই আধুনিক যন্ত্রপাতি লাগবে।

এদিকে গতকাল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ চাঁদ ওঠার ঘোষণা দিয়েছে। যদিও সৌদির প্রতিবেশী ওমানে চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম রোজা হবে বৃহস্পতিবার।এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুরের মতো দেশগুলোতেও চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে শাবান মাস ৩০দিন পূর্ণ করবে। অপরদিকে বাংলাদেশে শাবানের ২৯তম দিনেই চাঁদ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও খবর

Sponsered content