মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৫ , ৩:৩৬:৩৯ প্রিন্ট সংস্করণ
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি : প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর যৌথ উদ্যোগে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে সর্প দংশন প্রতিরোধ, চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, প্রাণীবিজ্ঞানী ড. জালাল উদ্দিন সর্দার এবং পরিবেশবাদী সংগঠন “ধরা”-এর সমন্বয়কারী মো. আফজাল হোসেন।
কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন বন্যপ্রাণী ও সর্প বিশেষজ্ঞ মো. আবু সাইদ এবং প্রশিক্ষক ছিলেন রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির। সভাপতিত্ব করেন রুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
আলোচকরা সাপের প্রজাতি, সাপের কামড়ের কারণ ও প্রতিকার, এন্টিভেনমের ব্যবহার এবং নিরাপদ সাপ উদ্ধারের কৌশল বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি, পরিবেশের জন্য উপকারী সাপ হত্যার পরিবর্তে উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।
প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে সর্প হ্যান্ডলিং, উদ্ধার ও সুরক্ষিতভাবে অবমুক্ত করার কৌশল শেখানো হয়। নিরাপত্তা ও সরঞ্জাম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।















