প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৬ , ৭:১৮:০৭ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জ্বালানি সংকটকে পুঁজি করে যারা দেশে অরাজকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের বহু শিল্প-কারখানার মালিকসহ সাধারণ মানুষ এই জ্বালানি সমস্যায় কষ্ট পাচ্ছেন, আমি এবং আমার দলের পক্ষ থেকে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’
আজ শনিবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের সময় যেমন গুপ্তরা লুকিয়ে ছিলো, এখন কি সেই গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে, কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে তা জনগণের সামনে উন্মুক্ত করা দরকার। গুপ্তরা তাহলে কি স্বৈরাচারকে ফেরার সুযোগ দিচ্ছে? ৭১ থেকে শুরু করে নানা সময়ে তারা একজন আরেকজনকে গুপ্ত বা আড়াল করে দিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ ঐতিহাসিক সত্য যে যত চেষ্টাই করুক, মুছে ফেলা যাবে না।’















