শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা: ৬ এপ্রিল ২০২৬ , ৭:৫৫:২৬ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি মো. মিজানুর রহমান। তিনি জানান, গত ৩০ মার্চ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে এক ভারতীয় নাগরিকের জমি রেজিস্ট্রি ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়।
তার অভিযোগ, ভারতীয় নাগরিক মোকছুদার রশিদ তথ্য গোপন করে বাংলাদেশি পরিচয়পত্র ও জরুরি ভিত্তিতে তৈরি পাসপোর্ট ব্যবহার করে অবৈধভাবে জমি রেজিস্ট্রির চেষ্টা করেন। বিষয়টি অবগত হয়ে সাব-রেজিস্ট্রার দলিলটি রেজিস্ট্রি করতে অপারগতা প্রকাশ করেন।
এ সময় জমির গ্রহীতা জুলফিকার আলী জিন্নাহ সাংবাদিক পরিচয়ে প্রভাব খাটিয়ে দলিল রেজিস্ট্রির জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, একপর্যায়ে জুলফিকার আলী জিন্নাহ ছাত্রলীগ নেতা সুমন আনোয়ারসহ ১৫-২০ জনকে নিয়ে এসে সাব-রেজিস্ট্রি অফিসে হামলা চালান। এতে দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুবউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন আহত হন।
পরে স্থানীয় জনগণ ও দলিল লেখকরা অভিযুক্ত ভারতীয় নাগরিক মোকছুদার রশিদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তিনি রাষ্ট্রপক্ষের মামলায় কারাগারে রয়েছেন।
এ ঘটনায় জুলফিকার আলী জিন্নাহ বাদী হয়ে দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুবউল্লাহসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। তবে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উক্ত মামলায় আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিশেষ করে টাকা ছিনতাইয়ের অভিযোগকে ‘কাল্পনিক’ বলে উল্লেখ করেন তারা।
সমিতির নেতৃবৃন্দ জানান, শেখ মাহবুবউল্লাহ ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম এবং সিনিয়র দলিল লেখক এম এম মজনু।




















