তানভীর সরদার, ঝিনাইদহ: ৩১ অক্টোবর ২০২৬ , ২:১৮:২১ প্রিন্ট সংস্করণ
চাঁদাবাজি ও দলীয়করণ বন্ধের দাবি জানিয়েছেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। তিনি বলেছেন, নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিলেও তাদের প্রত্যাশা পূরণ হয়নি। এসব দাবি আদায়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের আলহেরা এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আলী আজম মো. আবু বকর বলেন, “চাঁদাবাজ বললেই সাধারণ মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে। এসব দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।” তিনি জানান, ৩১ আগস্টের লংমার্চ সফল করতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোটের নেতারা ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভায় অংশ নেবেন। এরপর তাঁরা কুষ্টিয়ার একটি পথসভায় যোগ দেবেন। ঝিনাইদহে বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।





















