অপরাধ

উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি নিখোঁজ

  মোঃ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ৩১ অক্টোবর ২০২৬ , ২:২৪:৫১ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকার একটি বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত নিলুফা ইয়াসমিন নামার চর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি একই ইউনিয়নের দোলন গ্রামে। তিনি নুর ইসলামের মেয়ে।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের সংসারে পারিবারিক কলহ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্‌বিতণ্ডা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় বাড়িতে তাঁর স্বামী ও শাশুড়িকে পাওয়া যায়নি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গৃহবধূর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও খবর

Sponsered content