প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৬ , ৬:১৩:২৫ প্রিন্ট সংস্করণ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণবিক্ষোভ কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে লড়বেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
ঢাকা মহানগরবাসীর উদ্দেশে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আপনারা অনেক নৈরাজ্যের মধ্যে রয়েছেন, সন্ত্রাস ও দখলদারত্বের মধ্যে রয়েছেন। আপনাদের এই জুলুমের অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি তার দুই কান্ডারিকে আপনাদের সামনে সমর্পণ করছে। আমাদের নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আসিফ মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তরে নির্বাচন করবেন। নির্বাচনে ইনশাআল্লাহ তারা জয়লাভ করে ঢাকা মহানগরবাসীর সব দুঃখ-দুর্দশা দূর করবেন।’
তিনি বলেন,‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে হারানো হয়েছিল। ইনশাআল্লাহ এবার আমরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারাতে দেব না। আর আসিফ মাহমুদকে পরিকল্পনা করে নির্বাচনের বাইরে রেখে যারা ভেবেছিল গণঅভ্যুত্থানের শক্তিকে নিঃশেষ করে দেবে, তারাও ইনশাআল্লাহ এবার স্থানীয় সরকার নির্বাচনে পরাজিত হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আসিফ মাহমুদের নেতৃত্বে ইনশাআল্লাহ ঢাকা মহানগরবাসীর সব অধিকার, সব দাবি-দাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সব নেতা-কর্মী মাঠে থাকবেন।’





















