খেলাধুলা

এবার মহাকাশে ‘ট্রিওন্ডা’

  প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ১১:৩৮:৫৪ প্রিন্ট সংস্করণ

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে পৌঁছেছে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে গিয়ে এর গতি, ভারসাম্য ও গতিপথ নিয়ে বিশেষ পরীক্ষা চালিয়েছেন নাসার নভোচারীরা।

নাসা জানিয়েছে, মহাকাশে অতি-নিম্ন মাধ্যাকর্ষণ পরিবেশে বলের ভারসাম্য, ভরকেন্দ্র এবং গতিবিধি কেমন পরিবর্তিত হয়, তা বোঝার জন্য এই পরীক্ষা পরিচালনা করা হয়েছে। পরীক্ষায় দেখানো হয়েছে, একটি বলের ভারসাম্য ও ভরকেন্দ্র কতটা নিখুঁত হলে মাঠে সেটির গতিপথ আরও নির্ভরযোগ্য হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে নাসা বলেছে, “ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাকাশে পৌঁছেছে। মহাকাশ গবেষণা কীভাবে ক্রীড়াবিজ্ঞান ও দৈনন্দিন জীবনে নতুন উদ্ভাবনের পথ দেখায়, সেটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।”

‘ট্রিওন্ডা’ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল, যা তৈরি করেছে অ্যাডিডাস। স্প্যানিশ শব্দ ‘ত্রেস ওন্ডাস’ বা ‘তিনটি ঢেউ’ থেকে নামটি এসেছে, যা প্রথমবারের মতো তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপকে প্রতীকীভাবে তুলে ধরে।

বলটির নকশায় লাল, সবুজ ও নীল রঙ ব্যবহার করা হয়েছে, যা তিন স্বাগতিক দেশের প্রতিনিধিত্ব করে। চার-প্যানেলের বিশেষ গঠন এবং ত্রিভুজাকৃতির কেন্দ্রীয় নকশা তিন দেশের ঐক্যের প্রতীক। এছাড়া কানাডার ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা চিহ্নও বলটিতে সংযুক্ত করা হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকেও ‘ট্রিওন্ডা’ বেশ আধুনিক। এতে রয়েছে ৫০০ হার্টজ গতিসংবেদী সেন্সর, যা ম্যাচ চলাকালে বলের গতিবিধির তথ্য তাৎক্ষণিকভাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিস্টেমে পাঠাতে পারে। এর মাধ্যমে অফসাইডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রেফারিদের সহায়তা করা সম্ভব হয়।

ফিফার তথ্য অনুযায়ী, বলটির গভীর সিম ও বিশেষ পৃষ্ঠতল নকশা উড়ন্ত অবস্থায় স্থিতিশীলতা বাড়ায় এবং ভেজা আবহাওয়াতেও খেলোয়াড়দের নিয়ন্ত্রণে সুবিধা দেয়।

মহাকাশ গবেষণা ও ফুটবল প্রযুক্তির এই অনন্য সমন্বয় বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করল। নাসার ভাষায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিচালিত এই ধরনের গবেষণা শুধু মহাকাশ বিজ্ঞান নয়, পৃথিবীর মানুষের দৈনন্দিন জীবন ও খেলাধুলার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও খবর

Sponsered content