প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১২:১১:৪৪ প্রিন্ট সংস্করণ
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ রাতে ইউরোপজুড়ে রোমাঞ্চকর লড়াইয়ের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও রেকর্ড ১৫বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ-দু’দলই স্বয়ংক্রিয়ভাবে নকআউট পর্বে ওঠার সুযোগ হাতছাড়া করেছে। শেষ পর্যন্ত তারা শীর্ষ আটের বাইরে চলে যায়।
পিএসজি ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এতে করে শেষ ম্যাচে স্বয়ংক্রিয় কোয়ালিফিকেশনের অবস্থানে থেকেও দুই দলকেই প্লে-অফ খেলতে হবে।
অন্যদিকে হোসে মরিনহোর বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থান থেকে নেমে যায় নবম স্থানে।
লিভারপুল গ্রুপ পর্ব শেষ করেছে দারুণভাবে-কারাবাগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে তারা তৃতীয় স্থানে শেষ করে।
নবম স্থান থেকে দিন শুরু করা বার্সেলোনা প্লে-অফের ঝুঁকি এড়ায়। কোপেনহেগেনের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও ৪-১ ব্যবধানে জিতে তারা পঞ্চম স্থান নিশ্চিত করে। তাদের ঠিক এক ধাপ ওপরে টটেনহ্যাম হটস্পার, যারা আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারায়।
চেলসি নাপোলির মাঠে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় পায়। জোয়াও পেদ্রোর জোড়া গোল তাদের ষষ্ঠ স্থানে তুলেছে। এই হারে নাপোলি নেমে গেছে ৩০তম স্থানে এবং টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।
পর্তুগালের স্পোর্টিং শেষ মুহূর্তে নাটকীয় জয় পায়। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে আলিসন সান্তোসের শেষগোল তাদের শীর্ষ আটে তুলে দেয় এবং কার্যত রিয়াল মাদ্রিদকে প্লে-অফে ঠেলে দেয়।
ম্যানচেস্টার সিটি গালাতাসারাইকে ২-০ গোলে হারিয়ে ১১তম স্থান থেকে উঠে আসে অষ্টম স্থানে।
আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ আগেই শীর্ষ আট নিশ্চিত করেছিল। নতুন ৩৬ দলবিশিষ্ট গ্রুপ ফরম্যাটে আর্সেনালই প্রথম দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ড গড়ে—তারা তলানির দল কাইরাত আলমাটিকে ৩-২ গোলে হারায়। বায়ার্ন পিএসভি আইন্ডহোভেনকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে; এই হারে ডাচ ক্লাবটি টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।














