সারাদেশ

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত একজন

  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৬ , ৭:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফুয়াদ চৌধুরী (৩৩), রাফি চৌধুরী (১১) ও মিজানুর রহমান (২০)। আহত শামীম মিয়া (১৮) স্থানীয় আব্দুল হাই মিয়ার ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় তারা বাড়ির পাশের একটি সড়কে অবস্থান করছিলেন। আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

একই সময়ে কাছাকাছি থাকা একটি গরুও বজ্রপাতে মারা যায়। আহত শামীম মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই গ্রামের তিনজনের এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে শোক ও বিষণ্নতা বিরাজ করছে।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।”

আরও খবর

Sponsered content