সারাদেশ

বারহাট্টায় ভূমি অফিসকে ঘিরে দুর্নীতির অভিযোগ

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি ২ জুন ২০২৬ , ১১:৫৩:২৯ প্রিন্ট সংস্করণ

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলার ২ নম্বর সাহতা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ গ্রহণ, সেবাগ্রহীতাদের হয়রানি এবং অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শাহানা আক্তারের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন কাজে সেবাগ্রহীতাদের অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হয়। অর্থ দিতে অস্বীকৃতি জানালে নানা জটিলতা ও বিলম্বের মুখোমুখি হতে হয় বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা অভিযোগ করেন, নামজারির ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি থাকলেও অতিরিক্ত অর্থ দাবি করা হয়। এছাড়া ভূমি উন্নয়ন করের রসিদ প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক সেবাগ্রহীতার কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ উঠে আসে। ভিডিওটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শাহানা আক্তার। তিনি বলেন, “আমি কারও কাছ থেকে কোনো ধরনের ঘুষ গ্রহণ করিনি।”

ভিডিওতে দেখা ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়দের আরও অভিযোগ, ভূমি অফিসের কার্যক্রম পরিচালনায় নানা অনিয়ম রয়েছে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, “বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) দেখছেন। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, ভূমি অফিসে সেবার মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

আরও খবর

Sponsered content