সারাদেশ

৯ বছরেও জমির দলিল না পাওয়ার অভিযোগ সাবেক এমপির বিরুদ্ধে, বাড়িতে ক্রেতারা

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ১৬ অক্টোবর ২০২৬ , ২:১৬:৩৯ প্রিন্ট সংস্করণ

 

নেত্রকোনার কলমাকান্দায় প্রায় নয় বছর আগে জমি কিনেও রেজিস্ট্রি দলিল বুঝে না পাওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর বিরুদ্ধে। দলিল বুঝে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁর বাড়িতে অবস্থান নেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় তাঁদের হাতে থাকা ব্যানারে বিক্রি করা জমির দলিল না দেওয়ার অভিযোগ তুলে প্রতিকার দাবি করা হয়। ব্যানারে ভুক্তভোগী হিসেবে মোছা. জহুরা খাতুন ও বর্ষা আক্তারের নাম উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় নয় বছর আগে তাঁরা জমি কেনেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জমির রেজিস্ট্রি দলিল বুঝে পাননি। এতে জমি কেনার পরও প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় তাঁরা ভোগান্তিতে রয়েছেন। দলিল বুঝে পাওয়ার দাবি জানাতেই তাঁরা সাবেক সংসদ সদস্যের বাড়িতে অবস্থান নেন।

অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী বলেন, জমি ক্রেতাদের দখলে রয়েছে। শুধু রেজিস্ট্রি করে দেওয়া বাকি। ভাতিজার সঙ্গে পারিবারিক বিরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

গোলাম রব্বানী বলেন, “জমিটা প্রথমে আমি বিক্রি করেছি। তবে বাটোয়ারা অনুযায়ী এই জমির মালিক আমার ভাতিজা। এদিকে আমি আমার জমি ভাতিজাকে দেওয়ার পরও আমার জমি দিচ্ছে না। যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে।”

সাবেক সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, জমি বিক্রির পর রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ার পেছনে ভাতিজার সঙ্গে পারিবারিক বিরোধ রয়েছে। তবে জমির বাটোয়ারা নিয়ে বিরোধের বিষয়ে তাঁর ভাতিজার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভুক্তভোগীদের বিস্তারিত বক্তব্য, জমির পরিমাণ ও মূল্য এবং জমির মালিকানা ও বাটোয়ারা-সংক্রান্ত নথিপত্রও পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content