সারাদেশ

গারো পাহাড়ে চা চাষের উদ্যোগে সহায়তা চান স্থানীয়রা

  নেত্রকোনা প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ৩:২৭:৩১ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় চা চাষের উদ্যোগে সরকারি সহায়তা ও সমন্বিত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার পাহাড়ি এলাকার জমিতে চা চাষ শুরু হলে স্থানীয় মানুষের বিকল্প আয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দুর্গাপুরের সীমান্তবর্তী ভরতপুর থেকে বিপিনগঞ্জ পর্যন্ত এলাকার পাহাড়ি টিলা ও জমিতে চা চাষের সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা। গোপালপুর, বারমারি, দাহাপাড়া, ভবানীপুর ও বিজয়পুরসহ কয়েকটি এলাকাকে চা চাষের জন্য সম্ভাবনাময় হিসেবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের একটি বিশেষজ্ঞ দল একসময় এসব এলাকার মাটির গুণাগুণ পরীক্ষা করে কিছু জমি চা চাষের উপযোগী হিসেবে চিহ্নিত করেছিল বলে জানা গেছে। তবে জমি, অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার অভাবে উদ্যোগটি দীর্ঘদিন এগোয়নি।

সম্প্রতি স্থানীয় পর্যায়ে আবারও চা চাষের উদ্যোগ নেওয়ার কথা বলছেন বাসিন্দারা। গোপালপুর, বারমারি, দাহাপাড়া ও ভবানীপুর এলাকায় প্রায় ১৭টি প্রদর্শনী চা বাগান করার জন্য স্থান নির্ধারণের কথা জানানো হয়েছে।

ভবানীপুর এলাকার বাসিন্দা গৌরব কুবি বলেন, স্থানীয় পর্যায়ে চা চাষের সম্ভাবনা কাজে লাগাতে কয়েকটি স্থানে প্রদর্শনী বাগানের জায়গা নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের চা চাষে যুক্ত করতে সরকারি সুযোগ-সুবিধা ও উদ্যোগ প্রয়োজন বলে জানান তিনি।

সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাসকারী পরিবারগুলো ধান, ভুট্টা, সবজি ও পাহাড়ি আলুসহ বিভিন্ন ফসল আবাদ করে। তবে বন্য হাতির আক্রমণে ফসল নষ্ট হওয়ায় কৃষকদের ক্ষতির মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে বিকল্প ফসল হিসেবে চা চাষের প্রতি আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা জন ক্রসওয়েল খকশি ও দোলন হাজং বলেন, গারো হিলস টি কোম্পানির উদ্যোগে সিলেট ও চট্টগ্রামের চা বাগান এলাকা ঘুরে দেখেছেন তাঁরা। তাঁদের মতে, চা চাষের ফলে ওইসব এলাকায় কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। বন্য হাতির কারণে প্রচলিত ফসলের ক্ষতির প্রেক্ষাপটে চা গাছ হাতি খায় না—এমন ধারণার ওপর ভিত্তি করে চা চাষে আগ্রহী হচ্ছেন তাঁরা। তবে চা গাছ বন্য হাতির কাছে কম আকর্ষণীয় কি না, তা কৃষি ও বন্য প্রাণী বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

পরিবেশ ও উন্নয়নবিষয়ক সংগঠন বারসিকের আঞ্চলিক কর্মকর্তা মো. ওহিদুর রহমান বলেন, নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মাটি, তাপমাত্রা ও বৃষ্টিপাতের বৈশিষ্ট্য বিবেচনায় চা চাষের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেসব পাহাড়ি এলাকায় রডোডেনড্রন জাতীয় উদ্ভিদ দেখা যায়, সেসব এলাকার মাটির বৈশিষ্ট্য চা চাষের উপযোগিতা যাচাইয়ে সহায়ক হতে পারে বলে মনে করেন তিনি। মাটি ও পরিবেশগত বিষয়গুলো যাচাই করে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে চা চাষের সুযোগ তৈরি হতে পারে।

স্থানীয়দের মতে, চা চাষের পাশাপাশি এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও ছোট কৃষকদের জমির স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও খবর

Sponsered content