চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ৩:২৯:৩১ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল ও পাওয়ার টিলার ট্রলির মুখোমুখি সংঘর্ষে শিহাব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট পল্লী বিদ্যুতের গেটের সামনে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব কানসাট বিশ্বনাথপুর গ্রামের গুলজার আলীর ছেলে। আহত দুজন হলেন আব্বাস বাজার এলাকার মকুল আলীর ছেলে পিয়াস (২৭) এবং খাসপাড়া মানু মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে নাঈম আলী।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিহাবের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, রাত ৯টার দিকে কানসাট পল্লী বিদ্যুতের সামনে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পাওয়ার টিলার জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।





















