সারাদেশ

বিজয়নগরে হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে বিরোধ, মারধরে নিহত ১

  শাহনেওয়াজ শাহ, বিজয়নগর প্রতিনিধি: ২১ জুলাই ২০২৬ , ১২:০১:৫৭ প্রিন্ট সংস্করণ

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মারধরের ঘটনায় মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী দুধ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন দুধ মিয়া ও তার স্ত্রী মোহাম্মদ আলীর কাছে ছয়টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাড়িতে নেওয়ার পর দুটি বাচ্চা মারা গেলে মোহাম্মদ আলী অবশিষ্ট বাচ্চাগুলো ফেরত দিয়ে টাকা চাইতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, দুধ মিয়া ঘর থেকে একটি লাঠি এনে মোহাম্মদ আলীর কোমরে আঘাত করেন। পরে দুধ মিয়ার স্ত্রী একই লাঠি দিয়ে তার মাথা ও ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাঁসের বাচ্চা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content