সারাদেশ

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ; রংপুরে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

  রংপুর প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ৩:৪২:৪১ প্রিন্ট সংস্করণ

রংপুর নগরীর প্রেসক্লাব মার্কেটের সামনে পড়ে থাকা রশি দিয়ে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী হকারদের ভাষ্য অনুযায়ী, সকাল ৭টার দিকে চলন্ত একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মার্কেটের প্রধান ফটকের সামনে বস্তুটি ফেলে চলে যান। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও সংশ্লিষ্ট দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং বস্তুটি একটি বালতির পানিতে রাখা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

প্রাথমিকভাবে বস্তুটি ককটেল বা হাতবোমা হতে পারে বলে ধারণা করা হলেও এর প্রকৃত ধরন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পরে বেলা ১১টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হবে।

বস্তুটির ধরন ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো পরীক্ষা-নিরীক্ষা হয়নি; তদন্ত ও পরীক্ষার পরই বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থল পরিদর্শন করে আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মার্কেটের সামনে বস্তুটি রেখে চলে যান। খবর পেয়ে পুলিশ এলাকাটি নিরাপত্তার আওতায় নেয় এবং একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

তিনি জানান, মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকায় ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্ত শুরু হয়েছে।

আরও খবর

Sponsered content