ধর্ম

বছরজুড়ে রাসূল (সা.)-এর সিরাত চর্চার আহ্বান জামায়াত আমিরের

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৯:১৯:৫৩ প্রিন্ট সংস্করণ

বছরজুড়ে রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন এবং চরিত্র নিয়ে ব্যাপকভাবে আলোচনা ও চর্চা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান জামায়াত আমির।

জামায়াত আমির বলেন, ‘মহান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য “রাহমাতুল্লিল আলামিন” হিসেবে প্রেরণ করেছেন। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির চূড়ান্ত মুক্তির একমাত্র পথ তার নির্দেশিত আদর্শ অনুসরণ করা।’

তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বাস্তব প্রতিফলনই পবিত্র কুরআন। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক। জীবনযাপনের সর্বক্ষেত্রে তথা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি এবং ইহকালীন ও পরকালীন সাফল্য অর্জন সম্ভব নয়।

তাই সীরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন, প্রজ্ঞা বা হিক্বমার সঙ্গে তা মানুষের কাছে তুলে ধরা এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা প্রতিটি মুসলিমের অবশ্য কর্তব্য। তিনি এই চর্চাকে কোনো নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারাবছর অব্যাহত রাখার অনুরোধ জানান বিরোধীদলীয় নেতা।

জামায়াতে ইসলামীর সব শাখার সংগঠনকে সিরাতের ওপর আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশবাসীকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হওয়ার তাগিদ দেন তিনি।

আরও খবর

Sponsered content