প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৫৩:১০ প্রিন্ট সংস্করণ
সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজই তার ৬৬তম জন্মদিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন এবং তারা বার্কশায়ার ও নরফোকে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘গভীর মূল্যায়ন’ শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন একটি তদন্ত শুরু হয়েছে।
গত বছরের অক্টোবরে রাজা তৃতীয় চার্লস তার ভাই অ্যান্ড্রুর রাজকীয় পদবি ও সম্মাননা বাতিল করেন। তবে এখনও তিনি প্রিন্স অ্যান্ড্রু নামেই বেশি পরিচিত। মৃত্যুর আগে ভার্জিনিয়া জুফ্রে নামে এক নারী অভিযোগ করেছিলেন, তাঁকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তিনবার যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল। এর মধ্যে দুটি ঘটনা তার ১৭ বছর বয়সের।
দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখোমুখি হওয়া সাবেক এই রাজপুত্রকে এর আগে কখনো গ্রেপ্তার করা হয়নি। অ্যান্ড্রু সবসময় এবং দৃঢ়ভাবে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।














