প্রতিনিধি ২ নভেম্বর ২০২৬ , ২:২০:২৭ প্রিন্ট সংস্করণ
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক প্রবাসী সম্প্রদায়ের সম্পর্ক জোরদার, বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি, ব্যবসায়িক অংশীদারত্ব বৃদ্ধি এবং প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা ‘এনআরবি ওয়ার্ল্ড’-এর উদ্যোগে এ সামিট অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতায় রয়েছে বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ ও গ্লোবাল এনআরবি চেম্বার।
গতকাল রোববার দুপুরে সামিট উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে সম্মেলনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, সভাপতি মোহা. সাহিদুজ্জামান টরিক ও সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম এইচ. চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বৈশ্বিক অঙ্গনে কার্যকর অংশীদারত্ব তৈরি করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, সিঙ্গাপুর, দুবাইসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রস্তুতিমূলক বৈঠক ও প্রচারণা চালানো হয়েছে।
দুই দিনব্যাপী এ শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক ব্যবসা ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই), প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বাস্থ্যসেবা, জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক অগ্রযাত্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
আয়োজক সংগঠনের নেতারা জানান, দেশের চলমান অর্থনৈতিক রূপান্তরের মুহূর্তে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ততা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সম্মেলন প্রবাসী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের এক অনন্য সেতুবন্ধ তৈরি করবে।





















