আইন-আদালত

প্রধানমন্ত্রীর বাস নিয়ে ‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারীর স্বীকারোক্তি

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৬ , ৮:০০:৫৫ প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেইসবুক পোস্টে ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আবু বকর সিদ্দিক রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

৭ দিনের রিমান্ড শেষে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির স্বীকারোক্তি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৫ অক্টোবর আদালত এই আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২১ অক্টোবর গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার বাসা থেকে আবু বকর সিদ্দিককে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গত ২০ অক্টোবর বেলা ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে তিনি নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী। পরে ওই বাসে করেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। দুর্গাপূজা উপলক্ষে একটি মন্দির পরিদর্শন শেষে একই বাসে করে তিনি আবার শাহ মখদুম বিমানবন্দরে ফিরে যান।

প্রধানমন্ত্রীর বাসযাত্রাকে ‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামের একটি ফেইসবুক পেইজে ওই বাসের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়- “সবই বুঝলাম রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই, রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী”? ওই পোস্টের মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।” মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা তৈরি হয়।

এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এসআই মো. মানিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।

আরও খবর

Sponsered content