প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১২:৩৫:০৩ প্রিন্ট সংস্করণ
প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারকে হত্যা করে তার নির্মাণাধীন বাড়ির একটি কক্ষে বালুর নিচে পুতে রাখা হয় তার মরদেহ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শর্য্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন বাড়ির নির্মাণ শ্রমিক এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
এদিকে ঘটনার পর থেকে নির্মাণ শ্রমিক সাইফুল পলাতক রয়েছেন।
জানা গেছে, নিহত শিরিন আক্তার শর্শদীর ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের মো. মানিক মিয়ার স্ত্রী। তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে। তার স্বামী বর্তমানে সৌদি আরবে রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাদের নির্মাণাধীন বাড়ির বালুর নিচে প্রবাসীর স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার পরিবার গত ১০ বছর ধরে শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারে একটি ভাড়া বাসায় থাকেন। তার পাশে জমি ক্রয় করে একটি বাড়ি নির্মাণ কাজ শুরু করেন তারা।
আরও জানা যায়, ওই প্রবাসীর স্ত্রী মঙ্গলবার বিকেলে কাজ দেখতে নির্মাণাধীন বাড়িতে গেলে তাকে হত্যা করে বালুর নিচে তার মরদেহ পুতে রাখা হয়।
নিহতের ছেলে রাজু জানান, মঙ্গলবার বিকেলে তার মাকে বাসায় না পেয়ে তাদের নতুন নির্মাণাধীন বাড়িতে খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সাইফুল নামের একজন শ্রমিক কাজ করছে। তাকে তার মায়ের বিষয় জানতে চাওয়া হলে তিনি দেখেননি বলে জানান।
পরে স্থানীয়দের দেওয়া তথ্য মতে তার মায়ের মরদেহ বালুর নিচে দেখতে পান তিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌজুল কবীর বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মৃতদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।’




















