সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৩৪:২২ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি কলেজ-এ ২য় বর্ষের সমাপনী (টেস্ট) পরীক্ষা চলাকালীন রাজনৈতিক সমাবেশের আয়োজন করায় চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই কলেজ মাঠে লোকজনের সমাগম শুরু হয়। পরীক্ষা চলাকালীন সময়ে মাঠের শোরগোল ও ভিড়ের কারণে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ওঠে। কলেজ সূত্রে জানা গেছে, এদিন প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত অভ্যন্তরীণ দুইধাপে টেস্ট পরীক্ষা চলছিল।
দুপুর ১১টার পর থেকে সমাবেশের জন্য বিপুল সংখ্যক মানুষ কলেজ মাঠে জড়ো হতে থাকেন। পরীক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে পরীক্ষায় ব্যস্ত, তখন মাঠের উচ্চ শব্দ ও জনসমাগম শিক্ষার্থীদের মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান অভিভাবক ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জানান, সমাবেশের জন্য তিনি কোনো অনুমতি দেননি। তার দাবি, আয়োজকরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন। যদিও সমাবেশের নির্ধারিত সময় ছিল দুপুর ১২টা, বাস্তবে তার আগেই লোকজন মাঠে ভিড় করতে শুরু করে—যা স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, “পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে রাজনৈতিক সমাবেশ চলতে পারে না। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন বিকেল ৩টার পর সমাবেশ হলে তাদের আপত্তি নেই। নির্ধারিত সময়ের আগে জনসমাগম হয়ে থাকলে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




















