প্রতিনিধি ৫ জুলাই ২০২৬ , ৯:০০:৪১ প্রিন্ট সংস্করণ
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে অসাধারণ এক গোল করে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোলের জন্ম দেন কেপ ভার্দের রাইট ব্যাক সিডনি লোপেস কাবরাল। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার আবেগঘন ও নাটকীয় উদযাপন।
অতিরিক্ত সময়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে ২–২ সমতায় গোল করার পর তিনি উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়েন। গোল করার পরপরই তিনি গ্যালারিতে ছুটে যান নিজের সঙ্গীর খোঁজে। বারবার তাকিয়ে খুঁজেও তাঁকে না পেয়ে তিনি স্টেডিয়ামের নিরাপত্তা, রেফারি ও নিয়ম উপেক্ষা করে গ্যালারির দিকে দৌড়ে যান।
তার এই আচরণকে অনেকেই তুলনা করেছেন বিখ্যাত চলচ্চিত্রের একটি দৃশ্যের সঙ্গে, যেখানে একজন প্রেমিক তার প্রিয়জনকে খুঁজে বেড়ায়। পুরো সময়জুড়ে মাঠের নিরাপত্তা কর্মী ও রেফারিরা তাকে ফেরানোর চেষ্টা করলেও তিনি থামেননি।
অবশেষে তার প্রেমিকা জেইলি দা ক্রুজ গ্যালারিতে উপস্থিত হলে দুইজনের মধ্যে আবেগঘন আলিঙ্গন ঘটে। এই উদযাপনটি চলাকালে প্রায় দুই মিনিট খেলা থেমে থাকে, যা বিশ্বকাপের মতো বড় আসরে বিরল ঘটনা।
ম্যাচ শেষেও এই মুহূর্তটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে ‘শেষ রোমান্টিক ফুটবলার’ বলে আখ্যা দেন। তার প্রেমিকা পরে সামাজিক মাধ্যমে গোলটির ভিডিও শেয়ার করে লেখেন, ‘আমি কখনো এত গর্ব অনুভব করিনি।’
জেইলি দা ক্রুজ পেশায় একজন কনটেন্ট নির্মাতা এবং যোগাযোগ ও মানবসম্পদ বিষয়ে স্নাতক। এই ঘটনার পর দুজনের সামাজিক মাধ্যমের অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
ম্যাচ শেষে কাবরাল বলেন, ‘আমি তখন বুঝতেই পারিনি কী করছি। এমন টুর্নামেন্টে এমন গোল করার স্বপ্ন কখনো ভাবিনি। আমরা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, এটা দুঃখের। তবে চার বছর পর আমরা আবার ফিরব।’
কেপ ভার্দের খেলোয়াড় হলেও নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই ফুটবলার এই ম্যাচের পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি তার এই আবেগঘন উদযাপন বিশ্বকাপকে আরও রঙিন করে তোলে।









