খেলাধুলা

ফিফার কাছে রেফারির বিরুদ্ধে অভিযোগ দিল ব্রাজিল

  প্রতিনিধি ২৭ জুন ২০২৬ , ১১:২৬:৫৮ প্রিন্ট সংস্করণ

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে রেফারিং বিতর্কের জেরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ৩–০ গোলের জয় পেলেও ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া গোল নিয়ে ক্ষুব্ধ ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। তারা দাবি জানিয়েছে, সংশ্লিষ্ট রেফারিকে ভবিষ্যতে আর ব্রাজিলের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব যেন দেওয়া না হয়।

ঘটনাটি ঘটে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ ম্যাচের ২১তম মিনিটে। এর আগেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে ছিল ব্রাজিল। পরে স্কটল্যান্ডের জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে আবারও গোল করেন তিনি। শুরুতে রেফারি সেসার রামোস গোলের সিদ্ধান্ত দিলেও পরে ভিডিও সহায়তায় তা বাতিল করা হয়। আক্রমণ শুরুর সময় ফাউলের অভিযোগে গোলটি বাতিল করা হয়।

এই সিদ্ধান্তে কার্লো আনচেলত্তির দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা সঙ্গে সঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, ঘটনায় খুব সামান্য শারীরিক সংস্পর্শ হয়েছিল এবং ভিডিও পর্যালোচনার জন্য প্রয়োজনীয় স্পষ্ট ভুল সেখানে ছিল না।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির জাউদ বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে বিশ্ব ফুটবলের শীর্ষ কর্মকর্তা জিয়ান্নি ইনফান্তিনোর কাছে সরাসরি চিঠি পাঠিয়েছেন। সেখানে পুরো টুর্নামেন্টে রেফারিংয়ে ধারাবাহিকতার অভাবের অভিযোগ তোলা হয়েছে।

ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ করেছে, মেক্সিকোর রেফারি সেসার রামোসকে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ভবিষ্যতের ব্রাজিল ম্যাচগুলোর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক।

ব্রাজিলের একটি সংবাদমাধ্যমের হাতে আসা নথিতে উল্লেখ করা হয়েছে, এই রেফারির সঙ্গে ব্রাজিলের ‘নেতিবাচক ইতিহাস’ রয়েছে। ২০১৮ সালের বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের অভিযোগ ছিল, তারা একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছিল এবং প্রতিপক্ষের সমতাসূচক গোলের আগে ফাউলও উপেক্ষা করা হয়েছিল। সেই কারণেই তাদের দাবি, রামোসকে এই ম্যাচে দায়িত্ব দেওয়াই উচিত হয়নি।

ঘটনার আরও একটি উল্লেখযোগ্য দিক হলো, নিজেদের অভিযোগের পক্ষে উদাহরণ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রসঙ্গও তুলেছে ব্রাজিল। তাদের বক্তব্য, অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির গোলের আগেও একই ধরনের শারীরিক সংঘর্ষ হয়েছিল, কিন্তু সেটি বৈধ ধরা হয়। অথচ ব্রাজিলের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘স্কটল্যান্ডের বিপক্ষে গোল বাতিলের সিদ্ধান্ত শুধু ব্রাজিল দলের কাছেই অপ্রত্যাশিত মনে হয়নি, স্কটল্যান্ডের খেলোয়াড়দের প্রতিক্রিয়াও দেখিয়েছে যে তারাও এমন পর্যালোচনা বা গোল বাতিলের সিদ্ধান্ত আশা করেনি।’

এদিকে মাঠের বাইরের বিতর্ক চললেও কোচ কার্লো আনচেলত্তি মনোযোগ রাখছেন দলের পরবর্তী চ্যালেঞ্জে। শেষ বত্রিশে জাপানের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল।

বিতর্কিত গোল বাতিল হলেও পরে আবার গোলের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া মাতেউস কুনহা আরও একটি গোল করেন। ফলে সহজেই গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল।

আরও খবর

Sponsered content