সারাদেশ

মাধবপুরে সিমনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১২:৫০:৩২ প্রিন্ট সংস্করণ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬ নম্বর শাজাহানপুর ইউনিয়নের সিমনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী ও অসাধু চক্রের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট চক্রটি প্রকাশ্যে ও নির্ভয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে সিমনা নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দিনে ক্যামেরা বা লোকজনের উপস্থিতি টের পেলে বালু উত্তোলনকারীরা আশপাশের বাগানে আত্মগোপন করে। পরে রাতের আঁধারে নদীর পাড়ে বালুর স্তুপ তৈরি করে সেগুলো বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন বেলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “সিমনা নদীতে অবৈধ বালু উত্তোলনের হিড়িক পড়েছে। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল প্রকাশ্যে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে।”

তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের তহশিলদারকে দ্রুত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় নদীভাঙন ও পরিবেশগত বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে সিমনা নদী রক্ষায় অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content