মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি ৩ জুন ২০২৬ , ১২:০৬:৪২ প্রিন্ট সংস্করণ
ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদের পাঁচ দিন পর সোমবার নগরীর টঙ্গী এলাকায় নিজ বাসভবনে অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আজিজ প্রিন্স এবং বিএনপি নেতা ফরিদুল আজিজ স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময় নেতাকর্মীদের মধ্যে ঈদ-পরবর্তী আনন্দঘন পরিবেশ বিরাজ করে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি গাজীপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ সম্পাদক আরাফ রিফাত, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, টঙ্গী পূর্ব থানা ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অংশগ্রহণকারীরা জানান, আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ পুনর্মিলনী তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।




















