মো. আব্দুল্লাহ আল মামুন ২ সেপ্টেম্বর ২০২৬ , ১:১০:০৩ প্রিন্ট সংস্করণ
গত ১৭ বছরে দেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, এসব খাত থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। বর্তমানে পাচার করা অর্থ বিদেশে বসে ভোগ করা হচ্ছে, আর বাংলাদেশের জনগণ জ্বালানি ও বিদ্যুতের সংকটে ভুগছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘আজ আমরা যে জ্বালানি সংকটে ভুগছি, এর জন্য স্বৈরাচার আওয়ামী লীগ দায়ী। বিগত অন্তর্বর্তী সরকারও বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি। আমরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত ৪৮ বছর বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে আসছে। যখনই দেশের মানুষ বিপদে পড়েছে, দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছে।
‘নতুন বাংলাদেশ’ ও ‘নতুন ভবিষ্যৎ’ নিয়ে যারা কথা বলছেন, তাদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের যত উন্নয়ন, যত উৎপাদন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব—সবকিছুর সঙ্গে বিএনপির অবদান রয়েছে। বর্তমানে বিএনপি দেশের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে কেক কাটা, বেলুন উড়ানো ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ করেন শামা ওবায়েদ।





















