প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ১:২৫:৪৬ প্রিন্ট সংস্করণ
শিক্ষায় একাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে সাভারের বিরুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট সিটিতে’ অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) “উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান বিনিময়” শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গত ৩০ আগস্ট (রবিবার) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
কর্মশালায় উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশনের আন্তর্জাতিক মানদণ্ড, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং সুশৃঙ্খল নথিপত্র সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিএসি চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া নিয়ে কোনো ভীতি না রেখে প্রাতিষ্ঠানিক অর্জনের সঠিক নথিবদ্ধকরণের পরামর্শ দেন। অন্যদিকে, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে গুণগত মান বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএসির সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান, পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, ডিআইইউ উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ডিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষকদের অংশগ্রহণে একটি বিশেষ প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা হয়।





















