প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ , ৪:৩৮:১০ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাইজুল ইসলাম নামে জামায়াতের এক নেতাকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামের কোনো সাংগঠনিক পদের উল্লেখ করা হয়নি।
এর আগে গতকাল সোমবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাইজুল ইসলামের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটে। ওই দিন সন্ধ্যা থেকে ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু করে।
শিবচর উপজেলা জামায়াতের আমির মো. সরোয়ার হোসেন মৃধা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করেন। নিলখী ইউনিয়ন উপজেলা সদর থেকে দূরে হওয়ায় তাইজুল ইসলামকে দলীয় প্রচার-প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পালনের কারণে স্থানীয়রা তাকে ইউনিয়ন সভাপতি মনে করতেন। অভিযোগের বিষয়টি জানার পর তাকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, তাইজুল ইসলাম দীর্ঘ দিন ধরে পানিপড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে কথিত চিকিৎসা দিয়ে আসছিলেন।
স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসাশিক্ষক মো. আবুল কালাম আজাদ অভিযোগ করেন, চিকিৎসার কথা বলে নারীদের বাড়িতে এনে তাদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করতেন তিনি।
ঘটনার পর থেকে অভিযুক্ত আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার ফেসবুক আইডিতে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করা হয়েছে।





















