মতপ্রকাশ ডেস্ক ৩০ এপ্রিল ২০২৫ , ৬:২৩:২৫ প্রিন্ট সংস্করণ
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
তিনি আরও জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ ইমরান আহমেদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
মামলায় ইমরান আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২০ অক্টোবর ইমরান আহমেদকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।পরে মানব পাচারের অভিযোগে করা মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।
৩ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে তার বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করা হয়।
এমআই















