প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ৪:৩৮:০৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা, ২৩ জুলাই ।।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাবাহিনী কোনো তথ্য গোপন করেনি এবং করতেও চায় না বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।
বুধবার (২৩ জুলাই) এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “সম্প্রতি লক্ষ্য করছি যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনা নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে নিহতের সংখ্যা ও ঘটনার প্রকৃতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে কিছু মহল। অথচ সেনাবাহিনী ঘটনার পরপরই নির্দেশনা ছাড়াই দ্রুত সাড়া দেয়। প্রতিবারের মতোই এবারও সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, “ঘটনাস্থলে আমি ও আমার আইএসপিআর টিম সরাসরি উপস্থিত ছিলাম। এখানে কিছুই গোপন করার নেই। বরং, সেনাবাহিনী চায় গণমাধ্যম ও সংশ্লিষ্টরা ঘটনাটি পর্যবেক্ষণ করুক, তদন্ত করুক।”
আইএসপিআর পরিচালক আরও বলেন, “যে কোনো গণমাধ্যম প্রতিনিধি চাইলেই সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করতে পারেন, আমাদের সদস্যদের সাক্ষাৎকার নিতে পারেন। সেনাবাহিনী ও আইএসপিআর সর্বোচ্চ সহায়তা দেবে। তথ্য গোপনের কোনো প্রয়াস বা ইচ্ছা আমাদের নেই।”
এই ঘটনায় যথাযথ তদন্ত চলছে জানিয়ে তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার উত্তরার মাইলস্টোন স্কুলের পাশে একটি প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পাইলট আহত হন এবং ঘটনাস্থলে একজন ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে—যা নিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি হয় অনলাইনে।
ফ্যাক্ট চেক ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আহ্বান জানিয়ে আইএসপিআর নিশ্চিত করেছে—তারা সর্বদা গণমাধ্যমের পাশে রয়েছে।














