তথ্যপ্রযুক্তি

রায়পুরায় বিএনপির মতবিনিময় সভা: মনোনয়ন নিয়ে তৃণমূল ও মৌসুমি নেতাদের মধ্যে দ্বন্দ্ব

  নরসিংদী প্রতিনিধি ॥ ১৪ অক্টোবর ২০২৫ , ৭:০১:৫৫ প্রিন্ট সংস্করণ


রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রায়পুরার মনোনয়ন প্রত্যাশীরা একাত্ম হয়ে অংশ নেন।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে পৌর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুলসংখ্যক লোক সমাগম ঘটে এবং পৌর মাঠ কানায় কানায় ভরে যায়।

সভায় বক্তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার পালানোর পর রায়পুরায় মৌসুমি নেতার আগমন ঘটেছে, যার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং একবারও জেল হানা হয়নি। তারা বলেন, ওই নেতা নিজেকে মনোনয়ন নিশ্চিত বলে প্রচারণা চালাচ্ছেন এবং তৃণমূল নেতাকর্মীদের বিভক্তি সৃষ্টি করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, মৌসুমি নেতা কর্মীবান্ধব নন এবং দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীদের কোনো খোঁজ রাখেননি। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের লোকদের আশ্রয় দিচ্ছেন। তারা জানান, এই নেতাকে বয়কট করা হবে এবং দলের হাইকমান্ডের কাছে ত্যাগী ও যোগ্য নেতাদের মনোনয়ন প্রদানের দাবি জানানো হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফাইজুর রহমান। বক্তৃতা রাখেন নরসিংদী-৫ রায়পুরা আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেলসহ অন্যান্য নেতা।

সভায় তৃণমূলের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর সঙ্গে কাজ করে বিজয়ী করার অঙ্গীকার করেন।

আরও খবর

Sponsered content