জাতীয়

শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ , ৬:০৯:৪২ প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমা বিস্ফোরণের আলামত মেলেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে দেওয়া বক্তব্যে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লেগেছে, তার থেকে ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে অবস্থান করেন। মূলত ওই টিনশেড বাড়িতে কেউ থাকতেন না; সেখানে কেবল দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গেই পাশের থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, এসপি ও বিজিবির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সবার সঙ্গে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

আরও খবর

Sponsered content